রাজনীতি

রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, চাইলেন দোয়া

Sohagকন্ট্রিবিউটর২২ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তশূন্যতার কারণে বুধবার (২১ অক্টোবর)  সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। এ সময় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতা বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। পরদিন বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন ভূমিমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন আমাকে সুস্থতা দান করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে তাঁকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। একই সঙ্গে তিনি ভূমিমন্ত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এ বিষয়ে আরও খবর