আইনশৃঙ্খলা
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলায় একই পরিবারের ৫ জন গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে সিএনজিচালক শাহাব উদ্দিন (৩০) হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা ও চার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তাঁর চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে শাহাব উদ্দিন কানাইঘাট বাজারে যাত্রী নামিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সোনাতনপুঞ্জি এলাকার সামরতলে পৌঁছান। সেখানে অটোরিকশা বন্ধ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নামার সঙ্গে সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরে হামলা চালান অভিযুক্তরা।
এ সময় শাহাব উদ্দিনের পিঠের ডান পাশে এবং দুই পাশে উপর্যুপরি আঘাত করে তাঁকে গুরুতর জখম করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে পৌঁছানোর পর বেলা ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহত শাহাব উদ্দিনের ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৩। এজাহারে দণ্ডবিধির ৩০২/১১৪/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।







