আইনশৃঙ্খলা
রাজশাহীতে ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি আলী নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে জনৈক আকরাম স্বর্ণকারের বসতবাড়ি-সংলগ্ন পুরাতন পানহাটার সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোপালপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ট্রাকচালক শামীম রেজাকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ ও ব্যবহৃত ট্রাক তল্লাশি করে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করে পুলিশ। তবে অপর অভিযুক্ত জনি আলী কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা ও পলাতক জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







