রাজনীতি

প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা বাধ্যতামূলক: ডিএসসিসি প্রশাসক

Jobayer Haqueকন্ট্রিবিউটর১৩ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের পর প্রতিটি ভবন, অফিস ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকা জরুরি। পাশাপাশি জরুরি সেবা ও ফায়ার সার্ভিসের গাড়ি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পুরান ঢাকার সড়কগুলো দখলমুক্ত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাতে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ব্যাগের কারখানা বা গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কাপড়ের গুদামসহ আরও দুটি ভবনে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

পুরান ঢাকার ঘনবসতি ও বারবার অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার জনসংখ্যা ও কাঠামোগত চাপ একদিনে তৈরি হয়নি। যেখানে পাঁচ হাজার মানুষের নাগরিক সুবিধার বন্দোবস্ত রয়েছে, সেখানে হয়তো পাঁচ লাখ মানুষ বসবাস করছেন। ফলে অবকাঠামোগত সংকট প্রকট। পরিস্থিতি উত্তরণে বিদ্যমান পুকুরগুলো সংরক্ষণ, পুরোনো পানির লাইন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম ও ব্যবসাকে কেন্দ্র করে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বর্তমানে সেখানে রাসায়নিকের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে।

আশপাশের ভবন ও বিপণিবিতানের মালিকদের সতর্ক হওয়ার তাগিদ দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রতিটি মার্কেট, ভবন ও কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক এবং এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।

জরুরি উদ্ধার তৎপরতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানোর কারণে সংকীর্ণ রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি যথাসময়ে পৌঁছাতে মারাত্মক বেগ পেতে হয়। তাই জনস্বার্থে রাস্তাঘাট দখলমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে প্রশাসক আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক বা প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজন হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তা বিবেচনা করা হবে এবং তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আরও খবর