রাজনীতি

টোকিওতে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন কারখানায় সহযোগিতা নিয়ে আলোচনা

Desk Reportকন্ট্রিবিউটর২৬ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৬ অক্টোবর) টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে ঢাকায় সাসাকাওয়ার সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম নৈশভোজে অংশ নেন।

নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ইয়োহেই সাসাকাওয়া।

এ বিষয়ে আরও খবর