আইনশৃঙ্খলা
২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে ব্যবসায় অধিক লাভের প্রলোভন, ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার
ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড়া মহল্লায় তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিক লাভের আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন রমজান আলী। পরে ওই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর নিজেদের পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় শেরপুর সদর থানায় ভিড় করছেন ভুক্তভোগীরা। এখন পর্যন্ত ১১ জন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, তাঁদের পাওনা টাকা উদ্ধার করা সম্ভব না হলে অনেকেই আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়বেন। তাঁদের সঞ্চিত অর্থ হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রমজান আলীকে গ্রেপ্তারের পর থেকে অনেকেই থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







