আইনশৃঙ্খলা
সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টিসহ ১০৯টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) ১২ প্লাটুন সদস্য মোতায়েনের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শহরের শ্রীমঙ্গলেরশ্বরী কালীবাড়িতে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।
তিনি জানান,শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২৪টি পূজামণ্ডপ। এসব মণ্ডপসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন,পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হচ্ছে,যাতে পূজারী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
তিনি আরও জানান,জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদ্যাপন কমিটি,গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।







