আইনশৃঙ্খলা

হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন দুই মুখ, সদস্য ২১

Md. Nuruzzaman Sardarসিটিজেন জার্নালিস্ট (Verified)১০ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের অন্তর্ভুক্তিতে বোর্ডের বর্তমান সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। অনুমোদিত ২৫টি পদের মধ্যে এখনো চারটি পদ শূন্য রয়েছে।

গত ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী।

পত্রে বলা হয়, হাবিপ্রবি আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর মনোনয়নে তাঁদের রিজেন্ট বোর্ডের সদস্য করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ মনোনয়ন দেওয়া হয়।

মনোনীত দুই সংসদ সদস্যের একজন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অন্যজন সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য রেজেকা সুলতানা।

মনোনয়নের বিষয়টি অবহিত করতে পত্রের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই মনোনীত সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আরও খবর