অর্থনীতি

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সের নির্দেশনা একত্র করল বাংলাদেশ ব্যাংক

Desk Reportকন্ট্রিবিউটর১৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

বৈদেশিক মুদ্রা লেনদেন ও স্বর্ণ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও নবায়নের বিদ্যমান নির্দেশনাগুলো এক সার্কুলারে সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের জন্য নিয়মগুলো সহজে জানা ও পরিপালনের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

সার্কুলারে অথরাইজড ডিলার, মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার ও স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা একত্র করা হয়েছে।

এতে লাইসেন্স ইস্যু ও নবায়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন এবং স্বর্ণ আমদানি-রপ্তানির শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য সরবরাহের বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতার বিষয়টি সার্কুলারে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বর্ণের আকরিক ও বার আমদানিকারকদের যোগ্যতার মানদণ্ড এবং আবেদন করার প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অথরাইজড ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবেন। তবে লাইসেন্স অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের কার্যকারিতা থাকবে এক বছর। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আগের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের জারি করা সংশ্লিষ্ট নির্দেশনা ও সংশোধনী কার্যকর থাকবে।

এ বিষয়ে আরও খবর