অর্থনীতি
আর্থিক খাতের সুরক্ষা জোরদারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ

দেশের আর্থিক খাতের সুরক্ষা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িত হবে ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২’।
এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তিটি সই হয়।
বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বাংলাদেশ পাবে ৩২ কোটি ৮০ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), যা প্রায় ৪৫ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পের মূল উদ্দেশ্য আর্থিক খাতের সুরক্ষা কাঠামো শক্তিশালী করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও তদারকি সক্ষমতা বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা দেওয়া।
ঋণের শর্ত অনুযায়ী, উত্তোলিত অর্থের ওপর বার্ষিক সুদের হার হবে ১ দশমিক ৫ শতাংশ। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ প্রতিশ্রুতি ফি প্রযোজ্য হতে পারে। পাঁচ বছরের রেয়াতকালসহ ঋণ পরিশোধের মোট সময় পাওয়া যাবে ২৫ বছর।
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে অর্থায়ন করে আসছে সংস্থাটি।







