সাধারণ
জাবিতে 'আন্তর্জাতিক আইন ও ভূ-রাজনীতি' শীর্ষক সেমিনার: একাডেমিক ক্যালেন্ডার ও নতুন মাস্টারপ্ল্যানের প্রতিশ্রুতি উপাচার্যের

আন্তর্জাতিক আইনের বিকাশ ও বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক উচ্চপর্যায়ের অ্যাকাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আইন অনুষদের উদ্যোগে 'Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক কে এম সাজ্জাদ মহাসীনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা, গবেষণা ও অবকাঠামো নিয়ে উপাচার্যের নির্দেশনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম একাডেমিক শৃঙ্খলা ও বিশ্ব পরিমণ্ডলে শিক্ষার্থীদের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন— "বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অবকাঠামোগত বৈষম্য দূর করতে আমরা দ্রুত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন করতে চাই। এছাড়া নতুন মাস্টারপ্ল্যানের আওতায় আইন ও বাণিজ্য অনুষদের সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"
বিশ্ব জলবায়ু কূটনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানিয়ে উপাচার্য আরও যুক্ত করেন— "বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে জাতীয় নীতির সাথে সুসমন্বিত করতে হবে। জাতীয় নীতির সাথে তাল মিলিয়ে এ ধরনের সেমিনার আয়োজনের জন্য আমি অনুষদ ও বিভাগগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্ব জলবায়ু সম্মেলন কিংবা আন্তর্জাতিক পানিবণ্টন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ জায়গায় আইনি ও তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার উপযোগী করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।"







