সাধারণ
সংসদীয় সহযোগিতা বাড়াতে স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, প্রতিনিধিদলের সফর বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
রোববার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের ওপর গুরুত্ব দেন তাঁরা। পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর প্রার্থিতায় সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
এ সময় আসন্ন সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান তিনি।
পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর হাফিজ উদ্দিন আহমদের পাকিস্তান সফরের কথা রয়েছে।
সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







