সাধারণ

বাবার কাছে ক্ষমা চাইলেন তাশরীফ, একসঙ্গে থাকার প্রত্যাশা

Desk Reportকন্ট্রিবিউটর২৯ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

পারিবারিক বিষয় নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার মধ্যে বাবার কাছে ক্ষমা চেয়েছেন ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ। বাবার সেবা ও পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে তিনি জানিয়েছেন, নিজেদের সমস্যা পারিবারিকভাবেই সমাধান করতে চান।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তাশরীফ। একই ভিডিওতে তাঁর বাবাও আগের ভিডিওতে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ছেলের মঙ্গল কামনা করেন।

তাশরীফ বলেন, তিনি বাবার কাছে ক্ষমা চেয়েছেন এবং আশা করছেন, বাবা তাঁকে ক্ষমা করে দিয়েছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বাবার পাশে থাকতে চান তিনি।

পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি রাগ ও অভিমান থাকতে পারে উল্লেখ করে তাশরীফ দাবি করেন, তাঁদের পুরোনো কিছু বিষয় নতুন করে সামনে আনায় পরিবার কষ্ট পেয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন সময়ে তাঁর ও তাঁর বাবার কাছ থেকে ভিডিও সংগ্রহের চেষ্টা করা হয়েছে।

বাবার সঙ্গে দেখা করতে স্বেচ্ছায় এসেছেন জানিয়ে তাশরীফ বলেন, তাঁকে জোর করে আনা হয়নি। তাঁর বাবাকেও অর্থ দিয়ে বা চাপ প্রয়োগ করে আনা হয়নি বলে দাবি করেন তিনি। পরিবারের সবাই একসঙ্গে থাকুক—এটাই তাঁদের প্রত্যাশা।

পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তাশরীফ। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আজীবন তাঁর সেবা ও সহযোগিতা করতে চান।

ভিডিওতে তাশরীফের বাবা জানান, প্রকাশ্যে ভিডিওতে এসে বক্তব্য দেওয়াকে তিনি ভুল মনে করছেন। এ জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে ছেলের বিরুদ্ধে আর কোনো বক্তব্য দিতে চান না বলে জানান।

ছেলের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, তাঁকেও বিভিন্ন মানুষের বিরূপ মন্তব্য ও গালাগালের মুখে পড়তে হয়েছে। তবে ছেলের সাফল্য ও মর্যাদা আরও বাড়ুক—এই কামনা করে তাঁর জন্য দোয়া করেন তিনি।

এ বিষয়ে আরও খবর