সাধারণ
কালাইয়ে ১৪৬ জনকে আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৪৬ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী। বুধবার (২১ অক্টোবর) সকালে কালাই উপজেলা সদরে তাঁর নিজ বাসভবনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে সুবিধাভোগীদের কাছে অর্থ তুলে দেন। উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৪৬ জনকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। এ সহায়তার মাধ্যমে সুবিধাভোগীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, ছেলে তৌফিক হাসান বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা গ্রহণের পর সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উদ্যোগের জন্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
স্বেচ্ছাধীন তহবিল থেকে দেওয়া এ অর্থ সহায়তা স্থানীয় পর্যায়ে সুবিধাভোগীদের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







