সাধারণ
জয়পুরহাট কালাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও পূজা কমিটিগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সব সম্প্রদায়ের অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।







