সাধারণ

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Takebul Hasan Seyamকন্ট্রিবিউটর১৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ মেধা ও কৌশলপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে রানার্সআপ অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা দল। চার দিনব্যাপী এই মেধাভিত্তিক লড়াইয়ে দেশের শীর্ষস্থানীয় ২৭টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জাবির লাল-সবুজ প্রতিনিধিরা এ গৌরবময় অর্জন ছিনিয়ে নেন। ​ ​জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সিনেট হলে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের পর্দা ওঠে। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ও দক্ষ দাবাড়ুদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ​প্রতিযোগিতায় দেশের মোট ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন প্রতিভাবান দাবাড়ু অংশ নেন। ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত টানা চার দিন এই দাবা প্রতিযোগিতা পরিচালিত হয়। ​ ​টুর্নামেন্টের চার দিনব্যাপী কঠোর ও বুদ্ধিদীপ্ত লড়াই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে শুরু থেকেই ধারাবাহিক সাফল্য ও অনন্য কৌশলী চালের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টেক্কা দিয়ে রানার্সআপের সম্মান অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে খুলনা বিশ্ববিদ্যালয়। ​ ​পুরো টুর্নামেন্ট জুড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুরা ধীরস্থির ও সুদূরপ্রসারী চাল দিয়ে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জাবির খেলোয়াড়দের সময়ের সঠিক ব্যবহার এবং আক্রমণাত্মক ও রক্ষাণাত্মক কৌশলের সামঞ্জস্য দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিরোপা নির্ধারণী রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি টক্কর দেয় জাবি দল। সামান্য ব্যবধানে শিরোপা হাতছাড়া হলেও জাবির এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বয়ে এনেছে এক অনন্য আনন্দ ও গর্বের মুহূর্ত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষকরা এই সাফল্যকে সাদুবাদ জানিয়েছেন। ​ ​১৭ অক্টোবর ২০২৬ বিকেলে অনুষ্ঠিত হয় জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি ও মেডেল তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

​সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "দাবা কেবল একটি খেলা নয়, এটি মস্তিষ্কের উৎকর্ষ সাধন ও সুদূরপ্রসারী চিন্তার এক অনন্য মাধ্যম। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" ​তিনি চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ​ ​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দলের এই গৌরবময় সাফল্য ভবিষ্যতে ক্যাম্পাসের অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জাতীয় ক্রীড়া অঙ্গনে জাবির নাম আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আরও খবর