সাধারণ
জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন, জাতীয় সম্মেলন ২ জানুয়ারি

নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচনের পাশাপাশি আগামী জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। ২০২৭ সালের ২ জানুয়ারি (শনিবার) দলটির এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে রাজধানীর আসাদ গেটে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধদ্বার বৈঠকে নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া দলীয় গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কৌশল এবং ১১ দলীয় জোটে জাগপার ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, আমরা জাতীয় সংবিধান সংস্কারের দাবি তুললেও অনেক সময় রাজনৈতিক দলগুলোর নিজস্ব গঠনতন্ত্রে ফাঁকফোকর থেকে যায়। আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সব পর্যায়েই সংস্কার প্রয়োজন। সেই তাগিদ থেকেই এবার দলের গঠনতন্ত্রকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের শরিক হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাগপা।
দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন জানান, ২ জানুয়ারি জাতীয় সম্মেলনের আগে সারা দেশে জেলা ও মহানগরের সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবারের সম্মেলন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
জাগপার মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য রাশেদ প্রধান বলেন, অতীতের ঐতিহ্য ও নতুন প্রজন্মের চাহিদার মেলবন্ধন ঘটিয়ে দলের নতুন লোগো ও ওয়েবসাইট চালু করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা পর্যায়ে জাগপার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সিটি করপোরেশন নির্বাচনে দল আলাদা প্রার্থী দেবে না, বরং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের যোগ্যতম প্রার্থীকে পূর্ণ সমর্থন জানাবে।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ১ নম্বর সহসভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।







