প্রযুক্তি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৯৯৯ মামলা, ডাম্পিং ৬৩৯ গাড়ি

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে। সেখানে ৮৫৫টি মামলা করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৫০৫টি, মতিঝিলে ৪৬২টি, উত্তরা বিভাগে ৪০৬টি, মিরপুরে ৩১৮টি, তেজগাঁওয়ে ১৯৯টি, লালবাগে ১৪৬টি এবং রমনা বিভাগে ১০৮টি মামলা করা হয়েছে।
অভিযানের সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল, বাস, সিএনজি, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।







