প্রযুক্তি

জেলা পর্যায়ে ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

Desk Reportকন্ট্রিবিউটর৭ অক্টোবর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

বাংলাদেশ বেতারের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, যুক্তি প্রয়োগ, তথ্য বিশ্লেষণ এবং বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিতর্ক যেন নিছক তর্কে সীমাবদ্ধ না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিতর্কে ব্যবহৃত তথ্য অবশ্যই নির্ভুল, নির্ভরযোগ্য ও জ্ঞাননির্ভর হওয়া উচিত।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয় এবং নিয়মিত জ্ঞানচর্চা করতে হয়। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করবে। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয় অংশগ্রহণ থাকা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সময়ে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাই একজন শিক্ষার্থীর সাফল্যের একমাত্র মানদণ্ড নয়। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্বের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। ভবিষ্যৎ কর্মজীবনেও এসব দক্ষতার প্রতিফলন ঘটে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় এরই মধ্যে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য পর্যায়েও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের এসব উদ্যোগ আরও বিস্তৃত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনে প্রস্তুত করবে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বের যে প্রান্তেই থাকুক, তারা সবাই বাংলাদেশের সন্তান। তাদের মেধা ও সক্ষমতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলের শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও তিনি শুভেচ্ছা জানান।

তিনি বলেন, অল্প বয়সেই শিক্ষার্থীরা যে আত্মবিশ্বাস ও সাহস নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ বিষয়ে আরও খবর