সাধারণ

ফরিদপুরে হাম সন্দেহে নতুন ভর্তি ৩৪, মোট আক্রান্ত ৬ হাজার ৭৬৫

মোহাম্মদ আবিদুর রহমান নিপুকন্ট্রিবিউটর১৫ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

ফরিদপুর জেলায় হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ জনে। একই সময়ে হাম সন্দেহে ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে মোট ২ হাজার ৫৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বৃহস্পতিবার জেলায় হাম সন্দেহে নতুন রোগীদের মধ্যে ২৬ জন ফরিদপুর জেলার এবং ৮ জন অন্যান্য জেলার বাসিন্দা।

এ বিষয়ে আরও খবর