সাধারণ

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের, নারী গুরুতর আহত

Sheik Muhammad Parvezকন্ট্রিবিউটর২৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

পাবনার ঢাকা-পাবনা মহাসড়কে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে বাসচাপায় রোমান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের জালালপুর এলাকায় রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান এক নারীকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত নারীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আরও খবর