সাধারণ

​জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Takebul Hasan Seyamকন্ট্রিবিউটর২৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ​মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় উপাচার্যের কার্যালয়ে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক চোই হেই ইয়ঙের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠান দুটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং যৌথ গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, "বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতীম সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও উচ্চতর গবেষণায় সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। একই সাথে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের (Student and Faculty Exchange) প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।"

​অন্যদিকে, চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের প্রধান অধ্যাপক চোই হেই ইয়ঙ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​দ্বিপাক্ষিক এই আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষাশিক্ষক লি কু এবং তাঁর স্ত্রী লি চার্লস।

​বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে আরও খবর