সাধারণ

​মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

Takebul Hasan Seyamকন্ট্রিবিউটর২৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

​মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। একই সঙ্গে তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন তাঁরা।

​মঙ্গলবার সন্ধ্যায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

​সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থী দুর্বার আদি বলেন, “সাঈদীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়ার কারণে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।” ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ জন্মভূমিতে দাফন করতে গিয়েও কেন বাধার মুখে পড়তে হবে?”

​প্রতিবাদ কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরী বলেন, “মানিক পশারীর দাফনে বাধার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় অংশ নিয়ে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁর শেষকৃত্যে বাধা সৃষ্টি করা একজন নাগরিক ও মুক্তিযোদ্ধার মৌলিক অধিকার ক্ষুণ্ন করার শামিল।”

এ বিষয়ে আরও খবর