সাধারণ
শিক্ষার্থীরাই দেশের প্রাণ: রংপুরে যাওয়ার পথে সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি ও উপহার বিতরণ

তৌকিবুল হাসান সিয়াম,নিজস্ব প্রতিনিধি তারিখ :২০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে সড়ক আটকে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং তাদের মাঝে খেলাসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে তেজগাঁও বিমানবন্দর থেকে ছেড়ে এসে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের কাছে আসেন, তাদের সঙ্গে সেলফি তুলেন এবং তাদের মাঝে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে শিক্ষার্থীরা চরম উচ্ছ্বাস প্রকাশ করেন। কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে স্বয়ংক্রিয়ভাবে বাস থামিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন ও উপহার দিয়েছেন। এ সময় তিনি কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে দুটি ছাত্রাবাস ও একটি হল রুম নির্মাণের জন্য লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। এদিকে সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, রংপুর সফর শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সবশেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে রাতেই তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।







