সাধারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ক্লাসে টানা ১০ দিনের বিরতি

জাবি প্রতিনিধিকন্ট্রিবিউটর১৪ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

আগামী শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একাডেমিক ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা এই দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন।

​মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই সার্বিক তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শ্রেণি কার্যক্রম ও মূল একাডেমিক সূচি সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ছুটি আনুষ্ঠানিকভাবে ১৮ অক্টোবর থেকে শুরু হলেও তার ঠিক পূর্বের দুই দিন—১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিনের এক দীর্ঘ অবকাশ উপভোগ করবেন।

​একই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক ছুটির সময়সূচিও স্পষ্ট করা হয়েছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর পর্যন্ত প্রশাসনিক অফিসসমূহ বন্ধ থাকবে। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম মোট ৬ দিন বন্ধ থাকবে।

​এছাড়া ছুটির আনুষঙ্গিক বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে:

​সান্ধ্যকালীন ক্লাস স্থগিত: ছুটির অংশ হিসেবে আগামী ১৭, ২৩ এবং ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড ও ইভনিং (সান্ধ্যকালীন) প্রোগ্রামের সকল ক্লাস বন্ধ রাখা হবে।

​বিশেষ দাপ্তরিক কার্যদিবস: সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) বিশেষ কার্যদিবস হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​শারদীয় উৎসবকে ঘিরে দীর্ঘ ছুটি ঘোষণার পর থেকেই ক্যাস্পাসে ছুটির আবহ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তবে জরুরী সেবাসমূহ (নিরাপত্তা, চিকিৎসা ও পানি সরবরাহ) ছুটির আওতামুক্ত থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

এ বিষয়ে আরও খবর