সাধারণ

নড়াইল বড়দিয়া বাজারে ভাঙন পরিদর্শনে ইউএনও, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা; জিওব্যাগ ফেলার নির্দেশ

Md Mamun Hasanকন্ট্রিবিউটর১৩ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজারে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দুর্যোগকালীন সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বড়দিয়া বাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন চা-দোকানি ও নার্সারি ব্যবসায়ীর মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম জানান, নদীভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে। পরবর্তী সময়ে ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে ব্লকবাঁধানো এলাকায় আকস্মিক নদীভাঙন দেখা দেয়। এতে প্রায় ৪০ হাত অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনে ৮ থেকে ১০টি চায়ের দোকান, পাঁচটি নার্সারি ও কয়েকটি গুদামঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারের গুরুত্বপূর্ণ অংশে নদীভাঙনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদান এবং ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বাজারের অবশিষ্ট অংশ ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি স্থায়ী ভাঙন প্রতিরোধব্যবস্থা বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।

এ বিষয়ে আরও খবর