ক্যারিয়ার
প্রশ্নফাঁসের জেরে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের নিয়োগ পরীক্ষা। আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘোষণা দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো চাকরিপ্রার্থী। প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানান, নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র এক মিনিট আগে কক্ষ পরিদর্শকেরা পরীক্ষা স্থগিতের কথা জানান। এত অল্প সময় আগে এমন সিদ্ধান্ত জানানোয় ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। সিলেট থেকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক প্রার্থী জানান, উত্তরপত্র দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রশ্নফাঁসের কথা বলে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশপত্র হাতে সড়কে অবস্থান নিতে শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১তম গ্রেডের এই পদে ২৪২টি শূন্যপদের বিপরীতে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। প্রশ্নের কিছু অংশও সেখানে প্রকাশিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্ট কর্তৃপক্ষের নজরে আসার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পোস্টে প্রকাশিত প্রশ্নের কিছু অংশের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে বলেও জানান তিনি।
স্থগিত পরীক্ষার নতুন তারিখ দ্রুত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে।







