ক্যারিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২৩ জানুয়ারি, নিবন্ধন শুরু ১২ অক্টোবর

Desk Reportকন্ট্রিবিউটর৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশ নিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকরা আগামী ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। একইভাবে মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণদেরও নিবন্ধনের সুযোগ রয়েছে।

এ ছাড়া ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে এমবিএ, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিএড অনার্স, ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে বিএসসি ইন ইসিই এবং ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে এমএসসি ইন সিএসই পরীক্ষায় উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদেরও এই সুযোগ দেওয়া হয়েছে। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদের নিবন্ধনের সুযোগ রয়েছে।

এ ছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য অতিরিক্ত ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার দিতে হবে। তবে কোনো শিক্ষার্থী আগে থেকেই মূল সনদ গ্রহণ করে থাকলে সনদ বাবদ অতিরিক্ত ফি দিতে হবে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ডে পেমেন্টের সুবিধা থাকবে।

নিবন্ধন-সংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্ট-সংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহায়তা পাওয়া যাবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া convocation@nu.ac.bd ই-মেইলেও যোগাযোগ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সমাবর্তনের নির্দিষ্ট সময়, ভেন্যু ও বিস্তারিত অনুষ্ঠানসূচি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে আরও খবর