সাহিত্য

কুড়িগ্রামে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’

MG Rabbul Islamকন্ট্রিবিউটর২৬ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

কুড়িগ্রামে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধের প্রসার এবং মানসম্মত শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফাইট আনটিল লাইট (ফুল)-এর আয়োজনে ‘ফুল শিক্ষাবৃত্তি–২০২৫’-এর আওতায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল এবং তৃতীয় স্থান পেয়েছে সবুজ বাংলা কিন্ডারগার্টেন।

চতুর্থ স্থান অর্জন করেছে যৌথভাবে ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম স্থানে রয়েছে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালারহাট শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল। ষষ্ঠ স্থান অর্জন করেছে কিশলয় বিদ্যানিকেতন ও উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল। সপ্তম স্থান পেয়েছে সোনাহাট এসকেএস কিন্ডারগার্টেন।

মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আল-কাওসার মডেল মাদ্রাসা।

এ ছাড়া উদীয়মান প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে সাফল্য কিন্ডারগার্টেন, অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন, নতুনকুঁড়ি জুনিয়র স্কুল ও রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি শিক্ষাক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফাইট আনটিল লাইট (ফুল)-এর প্রতিনিধিসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়ন, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিষয়ে আরও খবর