সাধারণ
ফরিদপুরে লালন স্মরণানুষ্ঠান, মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা লালনের জীবনাদর্শ, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু একাডেমিতে এ আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউল পাগলা বাবলু খান ও বাউল নিজাম সাঁই। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, লালন ছিলেন মানবতাবাদী সাধক, যাঁর দর্শন মানুষকে সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। তাঁর সাহিত্য ও চিন্তাকে জীবনে ধারণ করে এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক মানুষ যথাযথ মর্যাদা পাবেন।
তাঁরা লালনের জীবন ও দর্শন নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ফরিদপুরে লালন গবেষণাগার প্রতিষ্ঠা ও একটি নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।
দেশের ৬৪ জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা। এ আয়োজনের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
বক্তারা আশা প্রকাশ করেন, লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার চর্চা সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
এর আগে শহরের রাজেন্দ্র কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি জেলা শিশু একাডেমিতে এসে শেষ হয়। আলোচনা সভার পর সাংস্কৃতিক পর্বে শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।







