অর্থনীতি

দুই বছর পর আধুনিক সরঞ্জাম নিয়ে পায়রা বন্দরের টার্মিনালে মাদার ভ্যাসেল

Desk Reportকন্ট্রিবিউটর৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

দীর্ঘ দুই বছর পর আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম নিয়ে পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালে সরাসরি ভিড়েছে একটি মাদার ভ্যাসেল। চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের জাহাজটি বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে টার্মিনালে নোঙর করে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে আনা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন সক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন। প্রথম টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও আধুনিক করতে এসব যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে।

১৬৮ মিটার দীর্ঘ এবং ৬ মিটার গভীরতার ‘ফান ঝৌ-৬’ গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের দুটি মাদার ভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, বন্দরটি বর্তমানে প্রায় পুরোপুরি প্রস্তুত। তবে নাব্যতা সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি পায়রা বন্দরকে একটি ডিজিটালাইজড বন্দরে রূপান্তরের কাজও এগিয়ে চলছে।

এ বিষয়ে আরও খবর