বিনোদন

এশিয়ান গেমসে ব্যর্থতার পর খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনার বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর

Desk Reportকন্ট্রিবিউটর৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নিয়ে মাত্র একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ। মাঠের হতাশাজনক ফলাফলের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আমিনুল হক বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে খেলোয়াড়দের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। দেশের প্রতিনিধিত্ব করার সময় ব্যক্তিগত কর্মকাণ্ডের চেয়ে দলের স্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, “আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জীবিত থাকতে হবে।”

এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়নে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথাও জানান প্রতিমন্ত্রী। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, সরকারের লক্ষ্য তাৎক্ষণিক সাফল্য অর্জন নয়; বরং আগামী পাঁচ বছরের মধ্যে অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করা। ডিসেম্বর থেকেই দীর্ঘমেয়াদি অনুশীলন ও প্রস্তুতি কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে খেলোয়াড়দেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এদিকে আসন্ন প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশের ১২ জন অ্যাথলেট ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবেন। ডিসিপ্লিনগুলো হলো—আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া।

গেমসকে সামনে রেখে বাংলাদেশ দলের ৭০ দিনের নিবিড় প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অ্যাথলেটিকসে চৈতী রাণী এবং আর্চারিতে ঝুমা আক্তারকে ঘিরে পদক জয়ের জোরালো প্রত্যাশা রয়েছে।

শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে ১২ জন অ্যাথলেটের সঙ্গে ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য থাকবেন। এছাড়া পাঁচটি ডিসিপ্লিনে একজন করে কোচসহ মোট ৩২ সদস্যের বাংলাদেশ দল প্যারা এশিয়ান গেমসে অংশ নেবে।

এ বিষয়ে আরও খবর